বন্যায় ভারতের ৪ রাজ্যে নিহত ২৮
বন্যায় ভারতের ৪ রাজ্যে নিহত ২৮টানা বৃষ্টিতে বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে ভারতের ৪ রাজ্য মধ্যপ্রদেশ, আসাম, মহারাষ্ট্র ও ছত্রিশগড়ে। আর এই বন্যায় চার রাজ্যে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ২৮ জনে। বানভাসি এই রাজ্যগুলিকে সাহায্যের আশ্বাস দিয়েছে ভারতের কেন্দ্র সরকার। সোমবার এ খবর জানিয়েছে এনডিটিভি। খবরে বলা হয়, টানা বৃষ্টি ও বন্যায় বিপর্যস্ত মধ্যপ্রদেশ। রাজ্যটিতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২২। অধিকাংশ নদীর পানি বিপদসীমা ছাড়িয়েছে। বাঁধ ভেঙে বেতোয়া নদীর পানি ঢুকেছে বিদিশায়। নর্মদার পানিতে প্লাবিত রাইসেন জেলার ৪০টি গ্রাম। তাওয়া বাঁধ থেকে অতিরিক্ত পানি ছাড়ায় ভাসছে হোশাঙ্গাবাদের নিচু এলাকা। নেই বিদ্যুত, খাবার পানীয়। বিপর্যস্ত স্বাভাবিক জনজীবন। প্রায় সাড়ে ৭ হাজার মানুষকে নিরাপদ জায়গায় সরিয়ে নিয়ে গেছে প্রশাসন। আসামেও বন্যা পরিস্থিতির কোনও উন্নতি হয়নি। এ রাজ্যে পানির তোড়ে ভেসে যাওয়া দু’জনের এখনও খোঁজ মেলেনি। গোহাটির কাছে মরিগাঁও জেলায় ব্রক্ষ্মপুত্রর পানিতে প্লাবিত পবিতোরা অভয়ারন্য। অভয়ারন্যে যাওয়ার অধিকাংশ রাস্তাও পানির নিচে। ফলে সড়কপথে সেখানে পৌছঁতে পারছে না বনকর্মীরা। চোরা শিকারীরা এই সুযোগকে কাজে লাগাতে পারে বলে আশঙ্কা। মরিগাঁও ছাড়াও বানভাসি গোলাঘাট, বরপেটা, লখিমপুর এবং জোড়হাট জেলা। নিমতি ঘাটের কাছে বিপদসীমা ছাড়িয়েছে ব্রক্ষ্মপুত্র। গোলাঘাটে নুমালিগড়ের কাছে বিপদসীমার উপর দিয়ে বইছে ধানসিড়ি। রোববার আসামের মুখ্যমন্ত্রীর সঙ্গেও ফোনে কথা বলে রাজনাথ সিং। লাগাতার বৃষ্টিতে পানিমগ্ন মহারাষ্ট্রের গরচিরৌলি এবং নাসিক এলাকা। বাড়ি ভেঙে উত্তর নন্দুরবার জেলায় ৪ জনের মৃত্যু হয়েছে। গত ২৪ ঘণ্টায় নাসিকে বৃষ্টি হয়েছে ১৬০ মিলিমিটার। বিপদসীমা ছাড়িয়েছে গোদাবরী। কোলাপুর এবং গরচিরৌলিতে ব্যাহত স্বাভাবিক জনজীবন। পানি বেড়েছে গাঙপুরে। ইগতপুরে বাড়ি ধ্বসে জখম হয়েছে বেশ কয়েকজন। আবহাওয়া দফতর আরও বৃষ্টির পূর্বাভাস দেয়ায় প্রশাসনের তরফে জারি হয়েছে সতর্কতা। পানিতে থই থই অবস্থা ছত্তিসগড়ের দক্ষিণ বস্তার। বৃষ্টি না থামায় ইন্দ্রবতি সহ বিভিন্ন নদীর পানি বিপদসীমা ছাড়িয়েছে। জগদলপুরের দলপত সাগর জলাধারের পানিও বেড়েছে। দক্ষিণ বস্তারগামী সব রাস্তা এখন পানির নিচে। গত ২৪ ঘণ্টায় জগদলপুর ছাড়াও রায়পুর, বিলাসপুর, আম্বিকাপুরেও ভারি বৃষ্টি হয়েছে। রায়পুরের নিচু এলাকাগুলিও প্লাবিত।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন