কী হচ্ছে স্বর্ণ মন্দিরে? বাহিরাগত প্রবেশ বন্ধে রহস্য জনমনে
পার্বত্য জেলা বান্দরবানের বৌদ্ধদের পর্যটন কেন্দ্র স্বর্ণজাদী বা স্বর্ণমন্দির। জেলা শহর থেকে তিন কিলোমিটার দূরে বালাঘাটের পুরপাড়ায় সুউচ্চ পাহাড়ের চূড়ায় অবস্থিত এ মন্দির। দৃশ্যত কারণেই বিদেশীদের জন্য আকর্ষণীয় পর্যটন কেন্দ্রে পরিণত হয়েছে বৌদ্ধদের এ তীর্থ স্থানটি। এদিকে, একটি গোয়েন্দা সূত্র বলছে, সম্প্রতি ওই মন্দির পরিদর্শনে এসেছিলো প্রতিবেশি দেশের পাঁচ গোয়েন্দা। তারা ভান্তে বেশে এসে গোপন বৈঠক করে চলে গেছে। এরপর বিষয়টি নজরে এসেছে বলে জানিয়েছে সূত্র। গেল ২৩ জুন ১০/১২ জনের একদল পর্যটক গিয়েছিলো এই মন্দির দেখতে। তাদের জানা ছিল না মন্দিরটি গত ফেব্রুয়ারি থেকে কর্তৃপক্ষের আদেশে জন্য বন্ধ রয়েছে। মন্দির দেখতে গিয়ে মহাবিপাকে পড়ে ওই পর্যটক দল। উদ্বেগের বিষয় হল মন্দির দেখার অনুরোধ করা হলে এক পর্যায়ে দলবল নিয়ে মারতে ছুটে আসে ছোট্ট ছোট্ট শিক্ষার্থীরা। সঙ্গে লেলিয়ে দেয়া হয় কয়েকটি পোষা কুকুরকেও। তাদের নেতৃত্বে ছিল এক ভান্তে। শিশুরা ওই মন্দিরেরই শিক্ষার্থী। সরেজমিনে দেখা যায়, মন্দির থেকে প্রায় ২০০ মিটার দূরে বাঁশ দিয়ে ব্যারিকেড তৈরি করা হয়েছে। নোটিস ঝুলানো হয়েছে ‘সকল দর্শনার্থীদের জন্য ২০ ফেব্রুয়ারি থেকে অনির্দিষ্টকালের জন্য স্বর্ণজাদী বন্ধ রাখা হয়েছে’। ২৩ জুন দুপুর দুইটার দিকে দুটি মাইক্রোবাস এসে দাঁড়ায় মন্দির এলাকায়। দুটি গাড়ি থেকে এক এক করে ১০ জন পর্যটক বেরিয়ে এলেন। এদের সবাই বাংলাদেশী। তারা প্রথম ঢুকতে চাইলে বাধা দেয় ১৬-১৭ বছর বয়সী এক কিশোর। পর্যটকরা মন্দিরের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে কথা বলতে চান। এতে ক্ষেপে যায় ওই কিশোর। এখানকার একটি ছবি ওঠানো হলে পর্যটক দলকে ইংরেজিতে গালাগাল শুরু করে সে। এক পর্যায়ে উপজাতি কিশোরটি মোবাইল কল দেয়ার সঙ্গে সঙ্গে মন্দির থেকে বেরিয়ে এলো ২০-২৫ জনের একদল শিশু। তাদের হাতে ছিল লাঠি, বাঁশের কঞ্চি, ক্রিকেটের ব্যাট-স্ট্যাম্প ইত্যাদি। আতঙ্ক সৃষ্টি করতে ভীতিকর পরিবেশের সূত্রপাত ঘটালো তারা। সঙ্গে তেড়ে আসল কয়েকটি পোষা কুকুর। এক পর্যায়ে উভয়পক্ষের মধ্যে কথা কাটাকাটি হলে শিশুরা তাদের নিজস্ব ভাষায় পর্যটকদের গালাগাল করে। কিছুক্ষণ পর মন্দির থেকে বেরিয়ে এলো এক সন্ন্যাসী। সে পর্যটকদের কোনো কথা না শুনেই তাদের চলে যেতে বলে। শুধু বলেছে, ‘আপনারা এসেছেন কেন? চলে যান।’ পর্যটকরা বারবার বলার চেষ্টা করছিলেন, তারা ঢাকা থেকে এসেছেন; মন্দিরটি দেখার অনেক ইচ্ছা তাদের। এক পর্যায়ে ওই ভান্তেও দুর্ব্যবহার শুরু করে। এ সময় উপস্থিত স্থানীয় বাঙালি দোকান মালিক বলেন, ‘বেশি কথা বললে মারধরই শুরু করে দেবে। আপনারা চলে যান।’ দু’টি গাড়িতে করে আসা ওই পর্যটকরা শেষ পর্যন্ত চলে যেতে বাধ্য হয়। এভাবেই প্রতিদিন শত শত পর্যটককে ফিরে যেতে হচ্ছে স্বর্ণজাদী না দেখেই। গত মে মাসে বান্দরবান জেলার প্রশাসক দিলীপ কুমার বণিক মন্দির দর্শনে এসেছিলো। তাকেও ফিরিয়ে দেওয়া হয়। পরবর্তীতে পুলিশের সহায়তায় সে ভেতরে প্রবেশ করে। জেলা প্রশাসন সূত্র জানায়, দর্শণার্থীদের কাছ থেকে আদায় করা প্রবেশ ফি হিসেবে দৈনিক কমপক্ষে ২০ হাজার টাকা পেত সরকার। যা সরকারের কোষাগারে জমা হতো। দীর্ঘদিন বন্ধ থাকায় এ আয় থেকে বঞ্চিত হচ্ছে সরকার। শুধু তাই নয়, মন্দিরের আশপাশের অন্তত শ’খানেক বিভিন্ন রকম দোকান বন্ধ হয়ে গেছে মন্দিরের সঙ্গে। স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, মন্দিরের ভেতরে কী হয় সেটা এখন রীতিমতো রহস্য। এমন কি সরকার ও স্থানীয় প্রশাসনও জানে না সেখানে কী হয়। কেননা এখানে সরকারি কোনো কর্মকর্তাও ঢুকতে পারেন না। এলাকাবাসীর কৌতূহল কেন সাধারণ মানুষকে ঢুকতে দেওয়া হয় না। কেবল ঢুকতে দেওয়া হয় বৌদ্ধ ধর্মাবলম্বীদের। দৃশ্যত কারণেই প্রশ্ন জেগেছে তাহলে কী হচ্ছে ওই মন্দিরের অভ্যন্তরে? বান্দরবান জেলার অতিরিক্ত প্রশাসক (সার্বিক) আবু জাফর গণমাধ্যমকে বলেন, মন্দিরের দেখাশোনা করে সন্ন্যাসীরাই। তাদের অভ্যন্তরীণ সমস্যার কথা বলে বন্ধ রাখা হয়েছে। এটি কবে নাগাদ খোলা হতে পারে সে বিষয়ে জেলা প্রশাসন কিছু জানে না বলে জানান তিনি। ১৯৯৫ সালে শ্রীমং উপজ্ঞা জোত মহাথের এই মন্দির স্থাপন করে। ১০ কোটি টাকা ব্যয়ে ১৯৯৪ সালে শুরু হয় এর নির্মাণ কাজ। সম্পন্ন হয় ২০০৪ সালে। ১৮০টি সিঁড়ি বেয়ে উঠতে হয় এই মন্দিরে। মিয়ানমার থেকে নির্মাণশিল্পী এনে এই মন্দিরের মূল নির্মাণকাজগুলো করা হয়। মন্দিরের অঙ্গসজ্জা মেরুন আর সোনালি রঙের হওয়াতে দূর থেকে দেখলে মনে হয় পুরো মন্দিরটিই স্বর্ণ দিয়ে মোড়ানো। আর এই বাহ্যিক রূপ থেকেই হয়তো মন্দিরটি ‘স্বর্ণ মন্দির’ নামে খ্যাতি পেয়েছে। এ মন্দিরের পাহাড়ের চূড়ায় রয়েছে ঐতিহ্যবাহী এক পুকুর। বৌদ্ধরা এ পুকুরকে সম্মানের চোখে দেখে। এটিকে দেবতা পুকুর হিসেবে জানে তারা। ধর্মীয় অনুষ্ঠান ছাড়াও পূর্ণিমায় এখানে জড়ো হয় বৌদ্ধরা। মন্দিরটি যখন অনির্দিষ্টকালের জন্য বন্ধ করা হয়, তখন পবিত্রতা ও নিরাপত্তার অজুহাত আনা হয়েছিল। বলা হয়েছিল, কিছু পর্যটক ঢুকে মন্দির অপবিত্র করছে। পর্যটকরা মন্দির প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের অনেককে হয়রানি করার কারণে এ নিষেধাজ্ঞা আরোপ করা হয় বলে দাবি কর্তৃপক্ষের। এদিকে ২৩ জুন স্বর্ণমন্দির খুলে দেয়ার দাবিতে বন্দরবান প্রেসক্লাবের সামনে মানববন্ধন করেছেন পাহাড়ী-বাঙালী নির্বিশেষে প্রায় কয়েক’শ সাধারণ মানুষ। সমাবেশে বক্তারা বান্দরবানের পর্যটন শিল্পকে বাঁচাতে দর্শনার্থীদের জন্য বন্ধ করে দেয়া ঐতিহাসিক এ স্থানটি পুনরায় খুলে দেয়ার দাবি জানান।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন