মঙ্গলবার, ১২ জুলাই, ২০১৬

বিদেশ থেকেই নেটওয়ার্ক গড়ছে দেশীয় সন্ত্রাসবাদীরা

বিদেশ থেকেই নেটওয়ার্ক গড়ছে দেশীয় সন্ত্রাসবাদীরা


সিঙ্গাপুর, মালয়েশিয়া ও পাকিস্তানে বসেই বাংলাদেশে শক্তিশালী সন্ত্রাসবাদী নেটওয়ার্ক গড়ে তুলেছে দেশী সন্ত্রাসবাদী নেতারা। আইন-শৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিয়ে সেখানে বসে নানা ধরনের সন্ত্রাস হামলার নির্দেশনা দিচ্ছে তারা। গোয়েন্দা সূত্র ও সংশ্লিষ্ট আইন-শৃঙ্খলা বাহিনীর কর্মকর্তাদের সঙ্গে কথা বলে এসব তথ্য জানা যায়। গোয়েন্দা সূত্র জানায়, অভিজাত পরিবারের ছেলেদের স্টুডেন্ট ভিসা দিয়ে প্রথমে সিঙ্গাপুর ও মালয়েশিয়া নিয়ে যাচ্ছে সন্ত্রাসবাদী নেতারা। সেখানে মোটিভেশন দিয়ে সন্ত্রাসবাদী প্রশিক্ষণের জন্য সিরিয়া, তুরস্কসহ বিভিন্ন দেশে পাঠায়। প্রশিক্ষণ নিয়ে বাংলাদেশে ফিরেই বিভিন্ন স্থানে হামলা করছে তারা। পুলিশের দাবি, গুলশানের হলি আর্টিজান ও কিশোরগঞ্জের শোলাকিয়ায় হামলাসহ সম্প্রতি সময়ের সবগুলো হামলায় জড়িত সন্ত্রাসরা বিদেশ থেকে প্রশিক্ষণ প্রাপ্ত। গোয়েন্দা তথ্যানুযায়ী, আনসারুল্লাহ বাংলাটিমের শীর্ষ পাঁচ নেতা বর্তমানে মালয়েশিয়ায় ও একজন পাকিস্তানে আত্মগোপন করে রয়েছে। এরাই মূলত তরুণদের বিদেশে নিয়ে সন্ত্রাস প্রশিক্ষণ দিচ্ছে। এছাড়া সংগঠন পরিচালনার অর্থও যোগাড় করেছেন এসব সন্ত্রাসরা। জানা যায়, গুলশান হামলায় নিহত সন্ত্রাস সদস্য নিবরাস ইসলামসহ অন্তত ৭ সন্ত্রাসবাদী কয়েক মাস আগে প্রশিক্ষণ নিয়ে দেশে ফিরে। বিদেশে থাকা সন্ত্রাসবাদী নেতারা তাদের স্টুডেন্ট ভিসা দিয়ে মালয়েশিয়া নিয়ে যায়। মোটিভেশনের পর থেকেই এসব তরুণ সন্ত্রাস সদস্যরা পরিবারে সঙ্গে যোগাযোগ বন্ধ করে দেয়। এ বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেন, বিদেশে বসে যারা সন্ত্রাসবাদী তৎপরতা চালাচ্ছে তাদের বিষয়ে তদন্ত করে দেখা হচ্ছে। জড়িতদের দ্রুতই দেশে ফিরিয়ে আনার চেষ্টা চলছে। মহানগর গোয়েন্দা পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার সাইফুল ইসলাম বলেন, গুলশানে হামলার ঘটনায় আরো কেউ জড়িত রয়েছে কিনা তদন্ত করা হচ্ছে। মামলার তদন্ত প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, মামলার তদন্তে উল্লেখযোগ্য অগ্রগিত হলে মিডিয়াকে জানানো হবে।






কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন